দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের (রেজি. নং বি-৭৭) কেন্দ্রীয় নির্বাচনে ১৫ লাখ চা জনগোষ্ঠীর নতুন নেতৃত্বে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত ভোটগ্রহণের পর রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টার দিকে নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
এদিকে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
নির্বাচনে সভাপতি পদে কাপ-পিরিচ প্রতীকে রাজু গোয়ালা ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পঙ্কজ কন্দ আনারস প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।
সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীকে মুকেশ কর্মকার ৩৩ হাজার ৫৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিন্দি হরিণ প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৩৩৩ ভোট। অপর প্রার্থী নিপেন পাল পেয়েছেন ২৩ হাজার ২০৩ ভোট।
কেন্দ্রীয় কমিটির অন্যান্য নির্বাচিত নেতারা হলেন কার্যকরী সহসভাপতি মিঠুন কালোয়ার, সহসভাপতি মিঠুন সিংহ রাউতিয়া-২, সহসভাপতি শিমুল কর্মকার, যুগ্ম সম্পাদক সঞ্জয় চৌহান, নারী বিষয়ক যুগ্ম সম্পাদক সোনামনি তাঁতী এবং অর্থ সম্পাদক সনত গোয়ালা।
দেশের পাঁচ জেলার ২০টি উপজেলায় ২৩০টি চা-বাগানে এ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১ লাখ ৪০০ শ্রমিক ভোটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন। একই দিনে সাতটি ভ্যালি কমিটি ও ২৩০টি চা-বাগানের পঞ্চায়েত কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে।
অন্যদিকে শনিবার (২৮ নভেম্বর) সকালে সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার নির্মাণাধীন নতুন ভবনের কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন। পরে চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের দায়িত্ব পালন ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন। এ সময় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।
উল্লেখ্য, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সর্বশেষ কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। দীর্ঘ আট বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় চা-শ্রমিকদের মধ্যে নতুন













