স্টাফ রিপোর্টার, রাজনগরঃ
নদীতে বিলীন হয়ে গেছে রাজনগর উপজেলার ১নং ফতেপুর ইউনিয়নের শাহাপুর গ্রামের ডালি মিয়া ও নুরুল মিয়ার দুটি ঘর। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে ১নং ফতেপুর ইউনিয়নের শাহাপুর গ্রামে ডালি মিয়া ও নুরুল মিয়ার দুটি ঘর নদীতে বিলীন হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও একই গ্রামের একাধিক ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে পড়েছিল। প্রশাসনকে বারবার জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তারা শুধু ব্লক ফেলার আশ্বাসই দিয়ে যাচ্ছেন, কিন্তু এখনো নদীভাঙন রোধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয়রা আরও জানান, প্রশাসনের এই খামখেয়ালিপনার কারণে শাহাপুর গ্রামের অসংখ্য ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
ভুক্তভোগী বিফুলা বেগম বলেন, ঘর যখন নদীতে ভেঙে পড়ছিল, তখন বিদ্যুৎ অফিসে ফোন করে সংযোগ বিচ্ছিন্ন করতে বলি। কিন্তু তারা জানায়, এখন আসতে পারবে না, আগামীকাল আসবে; তারা এখন অন্য জায়গায় কাজে ব্যস্ত আছে।
তিনি আরও বলেন, গতকাল রাত থেকে নদীর পাড়ে ফাটল দেখা দেয়। আজ দুপুর ১২টার দিকে সম্পূর্ণ ঘরসহ নদীগর্ভে তলিয়ে যায়। হঠাৎ করে ভেঙে পড়ায় তাঁরা ঘর থেকে কোনো কিছুই সরাতে পারেননি। ঘরের আসবাবপত্রসহ সবকিছু মাটির নিচে ও পানিতে তলিয়ে গেছে।













