মৌলভীবাজারের রাজনগরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্ভাবিত ব্রি ধান১০৩ চাষ করে ভালো ফলন পেয়েছেন কৃষকেরা। উপজেলার দক্ষিণ বালিগাঁও এলাকার মুড়ালি গ্রামে প্রায় ১৩০ বিঘা জমিতে এ জাতের ধান চাষ করা হয়েছে। অগ্রহায়ণ মাস শুরুর আগেই ধান পেকে ওঠায় এবং বিঘাপ্রতি ২১ মণের বেশি ফলন পাওয়ায় খুশি স্থানীয় কৃষকেরা।
রোববার (১৫ নভেম্বর) বিকেল তিনটায় দক্ষিণ বালিগাঁওয়ের মুড়ালি গ্রামে কৃষক রুবেল মিয়ার বাড়ির উঠানে ব্রি ধান১০৩-এর ফসল কর্তন ও মাঠ দিবস উপলক্ষে রাজনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল আমিন সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন রাজনগর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা রেজাউল করিম। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এবং পার্টনার প্রকল্পের অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রি হবিগঞ্জের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. পার্থ সারথী বিশ্বাস। তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো কৃষকদের কাছে উন্নত জাতের ধান ও আধুনিক কৃষিপ্রযুক্তি পৌঁছে দেওয়া। ব্রি ধান১০৩-এর ফলন ও অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে মাঠপর্যায়ে কৃষকদের ধারণা দেওয়ার জন্যই এ আয়োজন। কৃষকেরা যেন তাঁদের জমি ও পরিবেশ অনুযায়ী উপযুক্ত জাত নির্বাচন করতে পারেন, সে বিষয়ে আমরা কাজ করছি। কৃষকদের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে দেশের খাদ্য উৎপাদন আরও বাড়বে বলে আমরা আশাবাদী।’
বিশেষ অতিথি ব্রি হবিগঞ্জের প্রথম বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহানা পারভীন বলেন, ‘কৃষিতে উন্নত জাতের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রি ধান১০৩-এর বিভিন্ন বৈশিষ্ট্য ও উৎপাদন সম্ভাবনা সম্পর্কে কৃষকদের সরাসরি ধারণা দেওয়াই এ মাঠ দিবসের অন্যতম উদ্দেশ্য। শুধু নতুন জাত উদ্ভাবন করলেই হবে না, সেই জাতের সঠিক ব্যবহার ও আধুনিক চাষাবাদ পদ্ধতি কৃষকদের জানাতে হবে। মাঠে ধানের ফলাফল দেখে কৃষকেরা নিজেরাই এর সম্ভাবনা সম্পর্কে ধারণা নিতে পারবেন।’
বিশেষ অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজারের উপপরিচালক জালাল উদ্দিন বলেন, ‘কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি উৎপাদন খরচ কমানোর বিষয়েও গুরুত্ব দিতে হবে। ব্রির উদ্ভাবিত উন্নত জাতগুলো কৃষকের কাছে পৌঁছে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে। এ ধরনের মাঠ দিবস কৃষকদের নতুন জাত সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
ব্রি ধান১০৩ চাষি কৃষক রিফাত মিয়া বলেন, ‘বাণিজ্যিকভাবে ব্রি ধান১০৩-এর বাজারদর বেশি। রান্নার পর ভাত কিছুটা আঠালো মনে হলেও খেতে বেশ সুস্বাদু। বিশেষ করে এ ধানের পান্তাভাত আরও বেশি সুস্বাদু।’













