রাশেদ আহমেদঃ
সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্রীয় সমাবেশ সফল করার আহ্বানে মৌলভীবাজারে পথসভা, প্রচারপত্র বিলি ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্যচুক্তি, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইজারা চুক্তিসহ সব অসম বৈদেশিক চুক্তি বাতিলের দাবি জানানো হয় পথসভা থেকে। এ ছাড়া ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন এবং আন্তর্জাতিক সামরিক জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ বন্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে বিভিন্ন দেশে সাম্রাজ্যবাদী যুদ্ধ ও আগ্রাসনের প্রতিবাদ জানানো হয়। পথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাসুক মিয়া।
সঞ্চালনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের জেলা কমিটির সদস্য বিশ্বজিৎ নন্দী। বক্তব্য দেন সিপিবির জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জহরলাল দত্ত, বাংলাদেশ জাসদের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হারবি হেডেন প্রেন্টিস অপু, বাসদের জেলা সদস্য অ্যাডভোকেট মো. আবুল হাসান, বাংলাদেশ যুব ইউনিয়নের জেলা সভাপতি আবু রেজা সিদ্দিকী ইমন, বাসদ (মার্কসবাদী) জেলা সংগঠক সাদিয়া তাসনিম চৌধুরী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি জ্যোতিষ মোহন্ত।
বক্তারা আগামী শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল তিনটায় ঢাকায় অনুষ্ঠেয় জোটের কেন্দ্রীয় সমাবেশ সফল করার আহ্বান জানান।
পথসভা শেষে একই দাবিতে শহরে মিছিল বের করা হয়। এ সময় কেন্দ্রীয় সমাবেশে অংশ নেওয়া এবং কর্মসূচি সফল করতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়।











