বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নে রংপুর সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে ২৪ শিশুর সুন্নতে খতনা কর্মসূচি সম্পন্ন হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী রংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে চিকিৎসাসেবা দেন চিকিৎসক ডা. এহসানুল করিম মাহবুব ও ডা. মঞ্জুরুল করিম মাহফুজ।
সংগঠনের সভাপতি নিতু রঞ্জন দাস ও সাধারণ সম্পাদক তারেক মাহমুদের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, সহসাংগঠনিক সম্পাদক শংকর দাস, শিক্ষা সম্পাদক শ্রীকান্ত দাস, ক্রীড়া সম্পাদক লালন দাস এবং স্থায়ী কমিটির সদস্য জাহেদ হোসেন ও এপলু আহমদ সহ আরোও অনেক।
সংগঠনের সভাপতি নিতু রঞ্জন দাস বলেন, শিশুদের কল্যাণে এবং এলাকার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
স্থানীয় পর্যায়ে শিশুদের কল্যাণে এ ধরনের উদ্যোগ সামাজিক দায়বদ্ধতা ও জনসেবামূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।














