কুলাউড়া প্রতিনিধি:
সিলেট থেকে ঢাকাগামী ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগে সিজু মিয়া (৩৪) নামের এক যুবককে আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোমবার (১২ অক্টোবর) এক অভিযান পরিচালনা করে তাকে এই দণ্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত ব্যক্তি সিজু মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের রঙ্গিলকুল এলাকার বাসিন্দা। এলাকার অনেকেই তার আয়ের উৎস নিয়ে দ্বিধাহীনতায় ছিলেন। এলাকায় তাকে সবাই সিজু নামেই চিনে।
জানা গেছে, সিলেট রেলওয়ে স্টেশন থেকে ঢাকায় ভ্রমণকারী এক যাত্রীর প্রদেয় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোমবার (১২ অক্টোবর) এ অভিযান পরিচালনা করা হয়। যাত্রীর সরবরাহ করা মুঠোফোন নম্বরের সূত্র ধরে সিলেটের ফেঞ্চুগঞ্জ বাজার এলাকা থেকে সিজুকে আটক করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্ত সিজু ফেঞ্চুগঞ্জে অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিলেট রেলওয়ে স্টেশনের ট্রেনের টিকিট চড়া দামে বিক্রি করে আসছিলেন। আটকের পর তাঁর মুঠোফোনে অসাধু উপায়ে সংগৃহীত টিকিট পাওয়া যায় এবং তিনি নিজের অপরাধ স্বীকার করেন।
পরবর্তীতে প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ফেঞ্চুগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার।
ট্রেনের টিকিট কালোবাজারি রুখতে অসাধু চক্রের যেকোনো তথ্য দিয়ে জেলা প্রশাসনকে সহযোগিতা করার জন্য সাধারণ যাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।














