ডেস্কঃ
যুবসমাজকে খেলাধুলামুখী করা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত ও প্রাণবন্ত সমাজ গঠনের লক্ষ্যে পাঁচ শতাধিক প্রতিযোগীকে নিয়ে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে ‘কেন্ট এলিট স্পোর্টিং সোসাইটি মৌলভীবাজার ১৫ কিলোমিটার রান-২০২৬’।
শুক্রবার (২ অক্টোবর) ভোর সাড়ে ৫ টায় শুরু হয়ে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সামনে থেকে বর্ষিজোড়া ইকোপার্ক, চা-বাগান ও ঐতিহাসিক বধ্যভূমি সংলগ্ন সড়ক অতিক্রম করে আবার একই স্থানে এসে শেষ হয় ।
চা বাগানবেষ্টিত মৌলভীবাজারের আঁকাবাঁকা মনোরম পথজুড়ে আয়োজিত এ দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী দৌড়বিদ ও তরুণ-তরুণীরা অংশ নেন। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সড়কে দৌড়ের মধ্য দিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলায় সম্পৃক্ত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
দৌড় শেষে অংগ্রহণকারীদের মধ্যে মেডেল ও বিজয়ীদের জন্য ট্রফিসহ মোট ১ লাখ ১০ হাজার টাকা নগদ পুরস্কার প্রদান করা হয়েছে।
এসময় ইভেন্টের প্রধান পৃষ্ঠপোষক ইউকে ক্যান্ট এলিট স্পোর্টিং সোসাইটির চেয়ারম্যান সায়েম রহমান, মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, মৌলভীবাজার অ্যাথলেটিক্স অ্যান্ড কাবাডি একাডেমি ও পাওয়ার পালস এরিনার পরিচালক মাহফুজুর রহমান, ব্যবসায়ী জাহেদ আহমদ চৌধুরী এবং একাডেমির পরিচালক মো. ফয়জুল হক ও রেজওয়ানুর রহমান ক্রীড়াপ্রেমী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।













