ডেস্কঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে চলন্ত ট্রেনের ছাদে ছুরি দিয়ে আঘাত করে এক যাত্রীর মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ভানুগাছ রেলওয়ে স্টেশনে স্থানীয় জনসাধারণের সহায়তায় তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শান্ত ইসলাম (২৪), পিতা রুকন মিয়া, মোজ্জাম্মেল হোসেন (২৫), পিতা মৃত নুর ইসলাম; উভয়ের বাড়ি শ্রীমঙ্গল থানার মুসলিমবাগ এলাকায়। অপরজন রায়হান মিয়া (২৪), পিতা শাহিন মিয়া, শ্রীমঙ্গল কলেজ রোড এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, বুধবার দুপুর ১২টা থেকে ১টার মধ্যে শ্রীমঙ্গল থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেসের ছাদে তিনজন ছিনতাইকারী দিনাজপুরের পার্বতীপুরের বাসিন্দা মো. মুশফিকুর রহমান (২২)-কে ছুরি দিয়ে আঘাত করে তার কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। পরে ট্রেনটি কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে পৌঁছালে ভুক্তভোগীর সঙ্গে ছিনতাইকারীদের ধস্তাধস্তি হয়। এ সময় স্থানীয় জনসাধারণ তাদের আটক করে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে কমলগঞ্জ থানার এসআই রাজিব সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে গ্রেপ্তার করেন। পরে তাদের শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।















