রাজনগর প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগরে পৃথক ঘটনায় দুজন নিহত হয়েছেন। এর মধ্যে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে কাইয়ূম মিয়া (২২) এবং সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাচালক সুধাময় দেব (৫৫) নিহত হয়েছেন। একই সড়ক দুর্ঘটনায় সিএনজিতে থাকা আরও দুই যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সদর ইউনিয়নের উদনাছড়ায় ও দুপুরে উপজেলার চাটুরা এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার থেকে রাজনগরগামী একটি সিএনজি অটোরিকশার (মৌলভীবাজার-থ-১২-৪৯০১) সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ-১৩-৫৯৬৭) মুখোমুখি সংঘর্ষ হয়। মৌলভীবাজার-কুলাউড়া সড়কের চাটুরা এলাকায় এ দুর্ঘটনায় সিএনজি চালকসহ তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়।
আহতদের মধ্যে রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ভূমিউড়া গ্রামের সুধাময় দেবকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলার পরপরই তিনি মারা যান। আহত অপর দুই যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে, রাজনগর সদর ইউনিয়নের দাসটিলা গ্রামের আনছার আলীর ছেলে কাইয়ূম মিয়া (২২) দুই সহপাঠীর সঙ্গে বাড়ির পাশে উদনাছড়ায় মাছ ধরতে যান। দুপুর দেড়টার দিকে জাল দিয়ে মাছ ধরার সময় তিনি পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা দুজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কাইয়ূম মিয়া দীর্ঘদিন ধরে খিঁচুনি রোগে আক্রান্ত ছিলেন। মাঝেমধ্যে তার শরীরে খিঁচুনি সৃষ্টি হয়ে তিনি নিস্তেজ হয়ে পড়তেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। পানিতে ডুবে নিহত কাইয়ূমের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রাখা হয়েছে।
















