সালাহউদ্দিন শুভ ( কমলগঞ্জ প্রতিনিধি ) :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের খাটের নিচ থেকে প্রায় ১৬ ফুট লম্বা একটি বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ইছবপুর এলাকার মিতালি ডেকোরেটার্স সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় পরিবারের সদস্যরা খাটের নিচ থেকে হঠাৎ শব্দ শুনতে পান। পরে খাটের নিচে তাকিয়ে তাঁরা বিশাল আকৃতির একটি অজগর দেখতে পান। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে তাঁরা বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তাঁরা খাটের নিচ থেকে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধারকারী দলের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন আনুমানিক ২৬ কেজি। উদ্ধারের পর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, খবর পাওয়ার পর তাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন। সাপটি উদ্ধারের সময় অক্ষত ছিল এবং পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, রাতেই অজগর উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করা হয়। আজ সকাল ১০টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে সেটা অবমুক্ত করা হয়েছে।


















