খোর্শেদ আলম ( জুড়ী প্রতিনিধি ) :
মৌলভীবাজারের জুড়ীতে স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন সেইভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির কেন্দ্রীয় প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জুড়ী শহরের মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মুখে অবস্থিত দ্বিতল ভবনে আনুষ্ঠানিকভাবে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান মুরাদের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, সমাজসেবক ও শিক্ষানুরাগী হাবিবুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুকশিমইল কলেজের শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা প্রভাষক জহিরুল ইসলাম সরকার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শামীমুল হক, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও কবি এম রাজু আহমদ, সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের প্রধান পরিচালক আল আমিন তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাবিবুর রহমান, নিঃস্বার্থ রক্তদান কুলাউড়ার সভাপতি আব্দুল মজিদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেন আকাশ।
সংগঠনের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান মুরাদ বলেন, বর্তমানে দেশের ৪২টি জেলায় সেইভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত চার বছরে সংগঠনের মাধ্যমে প্রায় ৩৩ হাজার মানুষকে রক্ত দিয়ে সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতে সকলের সহযোগিতা অব্যাহত থাকলে সারাদেশে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, বিপদগ্রস্ত মানুষের প্রয়োজনে দ্রুত রক্তের ব্যবস্থা করাই সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। মানবিক এ কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন প্রধান কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।


















