খোর্শেদ আলম জুড়ী ( প্রতিনিধি)
মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালক আবুল কালাম বুলুচাঁন (৩৯) হত্যার ঘটনায় এক নারী ও তাঁর মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করাকে কেন্দ্র করে বিরোধের জেরে ধারালো অস্ত্রের আঘাতে কালাম নিহত হন।
গ্রেপ্তার দুজন হলেন গোয়ালবাড়ি ইউনিয়নের পূর্ব কচুরগুল নালাপুঞ্জি এলাকার আছমা বেগম (৩৮) ও তাঁর মেয়ে লিমা আক্তার (১৮)। নিহত কালাম পূর্ব জুড়ী ইউনিয়নের বড় ধামাই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালামের দ্বিতীয় স্ত্রী আছমা বেগমের ননদ। আছমার স্বামী মারা যাওয়ার পর জীবিকার জন্য একটি সিএনজি অটোরিকশা কিনে ভাড়ায় চালানোর জন্য কালামের কাছে দেন। এ কারণে কালামের ওই বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে আছমার সঙ্গে কালামের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। গত মঙ্গলবার রাতে কালাম আছমাদের বাড়িতে গিয়ে তাঁকে বিয়ের প্রস্তাব দেন। তবে সামাজিক ও পারিবারিক বিষয় বিবেচনায় আছমা ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে আছমা ধারালো দা দিয়ে কালামকে আঘাত করেন বলে পুলিশ জানিয়েছে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরে মরদেহ গোপন করার উদ্দেশ্যে মা-মেয়ে মিলে কলাগাছের ভেলায় মরদেহ বেঁধে বাড়ির পাশের একটি খালে ফেলে দেন বলে পুলিশের দাবি। সেখান থেকে মরদেহটি ভেসে জুড়ী নদীতে চলে যায়।
বৃহস্পতিবার দুপুরে জুড়ীর জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই এলাকায় নদীতে ভাসমান অবস্থায় কালামের মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রতিবেদনে তাঁর গলায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় নিহতের ছোট ভাই হাফিজ উদ্দিন বাদী হয়ে জুড়ী থানায় মামলা করেন। পরে নিহতের মুঠোফোনের কললিস্ট ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আছমা ও লিমাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আছমা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কথিত হত্যায় ব্যবহৃত রক্তমাখা একটি দা ও নিহতের মুঠোফোন জব্দ করা হয়েছে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের রহস্য অল্প সময়ের মধ্যে উদঘাটন করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
বিয়ের প্রস্তাব ঘিরে বিরোধ, সিএনজিচালক হত্যার ঘটনায় মা-মেয়ে গ্রেপ্তার



















