স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ আজিজুল হক হত্যা মামলায় দুই সহোদরের মৃত্যুদন্ড ও দুইজন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন।
মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীরা হলেন জেলার রাজনগর উপজেলার মুনিয়ার পাড় গ্রামের সহদোর রুবেল মিয়া ও রুমান মিয়া। যাবজ্জীবন প্রাপ্ত আসামীরা হলেন, এই গ্রামের জয়নাল আবেদীন ও রিপন মিয়া।
১৭ সেপ্টেম্বর মৌলভীবাজার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক ফাহমিদা খাতুন চাঞ্চল্যকর হত্যা মামলায় এ রায় প্রদান করেন।
জানা যায়, হত্যার শিকার ২ ছেলে ও ২ মেয়ে সন্তানের জনক নিহত আজিজুল মিয়া (৪৫) ছিলেন পঞ্চায়েত শালিস বিচারক। ২০১৩ সালে একটি বিচার শালিসকে কেন্দ্র করে আসামী পক্ষ অসন্তোষ্ট হয়ে গ্রাম্য শালিস বিচারক মো: আজিজুল মিয়া’কে সংঘবদ্ধ হয়ে হামলা করে হত্যা করে। এই হত্যাকান্ডের ঘটনায় দায়রা মামলা নং ৪১/২০১৪ (জি আর ৯৫/২০১৩ রাজনগর, ধারা-৩০২/৩৪ দন্ডবিধি) মামলার বাদী ছিলেন খুনের শিকার আজিজুল মিয়ার স্ত্রী রাবেয়া বেগম। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে বিজ্ঞ আদালত এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অপরাধে একই গ্রামের রুবেল মিয়া ও রুমান মিয়া’কে (দুই ভাই) মৃত্যুদণ্ড (ফাঁসির আদেশ) এবং এই অপরাধে সহায়তাকারী অপর ২ জন আসামি একই গ্রামের জয়নাল আবেদীন ও রিপন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এই মামলায় অপর ৪জন আসামী একই গ্রামের স্বপন মিয়া, জহির মিয়া, কমরু মিয়া ও ফয়ছল মিয়াকে ঘটনার সাথে জড়িত না থাকায় নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস দেন বিজ্ঞ বিচারক।
দন্ডপ্রাপ্ত আসামীরা রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্ত ৩ আসামীসহ (রুবেল মিয়া ও স্বপন মিয়া ছাড়া) অন্যরা উপস্থিত ছিলেন। আসামী পক্ষের আইনজীবী ও স্বজনরা জানান তারা উচ্চ আদালতে আইনী প্রক্রিয়া চালিয়ে যাবেন। অপরদিকে বাদী পক্ষের আইনজীবী ও স্বজনরা এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন আমরা ন্যায় বিচার পেয়েছি। আশা করছি উচ্চ আদালত এই রায় বহাল রাখবে।
মৌলভীবাজার জেলা জজ আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো: আব্দুল ওয়াহিদ এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন প্রকৃত আসামীদের দন্ড প্রদানে বাদী পক্ষসহ আইনের প্রতি মানুষের আস্থা ও শ্রদ্ধা বাড়বে। অপরাধীরা বুঝতে পারবে যে অপরাধ করে আইনী সাজা থেকে রেহাই পাওয়া যায়না। আইনের শাসন প্রতিষ্ঠায় চাঞ্চল্যকর এই মামলার রায় কার্যকর ভূমিকা রাখবে। তারা প্রত্যাশা করেন উচ্চ আদালত এই সাজা বহাল রাখবেন।


















