রাজেশ ভৌমিক ( শ্রীমঙ্গল প্রতিনিধি ):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে ‘বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মেলায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী মডেল প্রদর্শন করে। এসব প্রকল্প ঘুরে দেখেন অতিথি ও দর্শনার্থীরা।
‘নতুন চিন্তা, নতুন সৃষ্টি, বিজ্ঞানই আমাদের আসল শক্তি’এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার সঙ্গীতা গমেজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সামছুন্নাহার পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, নটর ডেম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাদার প্রশান্ত নিকোলাস ক্রুশ, সেন্ট মার্থাস কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক সিস্টার সুপ্রীতি কস্তা, অভিভাবক প্রতিনিধি জনক দেববর্মা ও আইভি জেনিফার রায়সহ প্রমুখ।
এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মেলায় শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও মডেল প্রদর্শন করা হয়। নিজেদের তৈরি এসব উদ্ভাবনী প্রকল্প নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। পাশাপাশি অন্য শিক্ষার্থীদের তৈরি মডেল দেখে তারা অনুপ্রাণিত হয় বলে জানায়।
মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, বিজ্ঞান মেলা উপলক্ষে তারা বিভিন্ন প্রয়োজনীয় প্রকল্প ও মডেল তৈরি করে প্রদর্শন করেছে। নিজেদের প্রকল্পের পাশাপাশি সহপাঠীদের উদ্ভাবন দেখেও নতুন কিছু শেখার সুযোগ হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানকে নতুন চিন্তা ও সৃষ্টিশীলতার দ্বার হিসেবে গ্রহণ করতে হবে। একই সঙ্গে মানুষের নিরাপত্তা, সম্মান, সম্পদের অধিকার ও সামাজিক অস্তিত্ব রক্ষার বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্ব দেন তাঁরা।
দিনব্যাপী আয়োজিত এ মেলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।



















