জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৩ নম্বর পশ্চিমজুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো আমতৈল গ্রামের অমল দাসের ছেলে অন্যন্যয় দাস (৮) এবং রাজনগর উপজেলার বরইউরি গ্রামের নারায়ণ দাসের ছেলে দুর্জয় দাস (৭)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক ১২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে দুই শিশু বাড়ির পাশের একটি ডোবায় নেমে পড়ে। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয় এক ব্যক্তি ডোবার পাশে ঘাস কাটতে গিয়ে পানিতে শিশু দুটিকে ভাসতে দেখেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিহত দুর্জয় দাস তার মা-বাবার সঙ্গে পারিবারিক একটি অনুষ্ঠানে অংশ নিতে আমতৈল গ্রামে বেড়াতে এসেছিল। এ ঘটনায় আমতৈল গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


















