মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টা পর প্রীতম এরিক (পিতু) নামে এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ভানুগাছ রেলওয়ে ব্রিজসংলগ্ন ধলাই নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে সোমবার সকালে নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয় কয়েকজন জেলে পানিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে কমলগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, নদীতে নিখোঁজ হওয়ার পর স্রোতের টানে মরদেহটি ভেসে ওই এলাকায় এসে পৌঁছায়।
নিহত প্রীতম এরিক (৪৫) কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার টমাস এরিকের ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত টমটমের চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় টমটম নিয়ন্ত্রণ হারিয়ে ধলাই নদীতে পড়ে যায়। এ সময় টমটমের চালক প্রীতম এরিক নদীতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। পরে নদী থেকে টমটমটি উদ্ধার করা হলেও চালকের সন্ধান পাওয়া যায়নি। প্রায় ৩০ ঘণ্টা পর সোমবার সকালে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, ‘নিখোঁজ চালককে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি পুলিশ ও ডুবুরি দল অভিযান চালিয়েছে। তবে তখন তাঁর সন্ধান পাওয়া যায়নি। সোমবার দুপুরে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। এখন মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি পরিবারের কাছে হস্তান্ত করা হবে। এই বিষয়ে একটি অপমৃত্যু মামলা হবে।’


















