বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় পুকুরের পানিতে ডুবে সৃজয়ী দাস (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব লঘাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৃজয়ী ওই গ্রামের শাওন দাসের মেয়ে। সে ছিল পরিবারের একমাত্র কন্যাসন্তান।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় সৃজয়ী বাড়ির আঙিনায় খেলছিল। তার মা রান্নাঘরে এবং বাবা শাওন দাস বাথরুমে ছিলেন। কিছুক্ষণ পর বাবা ফিরে এসে মেয়েকে দেখতে না পেয়ে বাড়ির বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে সৃজয়ীকে ভাসমান অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে দ্রুত বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, দুই বছরের শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।


















