স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শেরপুর ফাঁড়ি পুলিশের একটি দল এ অভিযান চালায়।
আটক ব্যক্তিরা হলেন- ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের তাজপুর গ্রামের এনাম মিয়া (৫৫), পৈলনপুর ইউনিয়নের বকশীপুর গ্রামের রাজা মিয়া (৩৩), সাদিপুর ইউনিয়নের খসরুপুর গ্রামের শাহিন মিয়া (৪২) এবং মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের হোসেন মিয়া (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর ফাঁড়ি পুলিশের কাছে গোপন তথ্য আসে, শেরপুর আবাসিক এলাকার একটি স্থানে মাদকদ্রব্য কেনাবেচার প্রস্তুতি চলছে। পরে শেরপুর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ওবায়দুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে চারজনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়।
শেরপুর ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ওবায়দুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



















