ষ্টাফ রিপোর্টার:
চলমান এসএসসি পরীক্ষায় মৌলভীবাজার পৌর শহরের দুইটি কেন্দ্রে পৃথক পৃথক সেটে (প্রশ্নে) পরীক্ষা নেয়া হয়েছে। কেন্দ্রে কর্মরতদের দায়িত্বহীনতায় এমনটি হয়েছে বলে মন্তব্য করছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। এঘটনায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার সিলেট শিক্ষা বোর্ডে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ব্যবসায় উদ্যোগ পরীক্ষা ছিল। বোর্ডের নিয়ম আনুযায়ী বোর্ডের সকল কেন্দ্রে একই সেটে পরীক্ষা নেয়ার কথা। কিন্তু মৌলভীবাজার পৌর শহরের ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল কেন্দ্রে ১নং সেটে এবং আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩নং সেটে পরীক্ষা নেয়া হয়েছে। অভিভাবকরা বলছেন কেন্দ্রে দায়িত্ব প্রাপ্তদের অবহেলায় এমনটি হয়েছে। ১নং সেটে কঠিন প্রশ্ন থাকায় অধিকাংশ শিক্ষার্থীরা উত্তর লেখতে পারেনি।
ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল কেন্দ্রের পড়শি কর নামে এক পরীক্ষার্থী বলেন, “আমাদের হলের সকল শিক্ষার্থী ১নং সেটে পরীক্ষা দিয়েছে। সিয়াম নামে অপর পরীক্ষার্থী ১নং সেটে পরীক্ষা দেয়ার কথা স্বীকার করেন।
ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল কেন্দ্র সচিব মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি অস্বীকার করে বলেন, আমরা ৩নং সেটে পরীক্ষা নিয়েছি। তাহলে কি পরীক্ষার্থীরা মিথ্যা কথা বলছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “হতে পারে”।
জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান বলেন, এরকমতো হওয়ার কথা নয়। খোঁজ নিয়ে দেখছি কোথায় সমস্যা হয়েছে।
মৌলভীবাজারে পৃথক সেটে এসএসসি পরীক্ষা



















