নিজস্ব প্রতিবেদক:
বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়ন এলডিপি নেতা রাইহান হোসেনের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) বিকালে বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের পুরুষপাল গ্রামের এলডিপি নেতা রাইহান হোসেনের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলার পর থানায় অভিযোগ জানালেও কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ প্রশাসন। জানা যায়, জাতীয় নির্বাচনকালীন রাজনৈতিক প্রতিহিংসার কারণে স্থানীয় মাথিউরা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র হাতে নিয়ে রাইহান হোসেনের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে বাড়ির মূল্যবান আসবাবপত্র ভাংচুর করে। এসময় রাইহান হোসেনের মা প্রতিবাদ করায় হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে বলে যে, বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিরুদ্ধে গিয়ে এলডিপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। বিশেষ করে এলডিপির প্রতিষ্ঠাতা কর্ণেল অলি আহমদ বিএনপির সাথে জোট ভঙ্গ করে জামায়াত ইসলামির সাথে জোটবদ্ধ হয়ে তাদের বিরোধীতা করেছে। এলডিপির নেতাকর্মীরা ও বিভিন্ন মাধ্যমে বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা রটনা করেছে। সে সময় বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করে যে, রাইহান হোসেন স্থানীয় বিএনপির প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন খারাপ মন্তব্য করেছে বিধায় তারা তাকে খুঁজে না পেয়ে তার বাড়িতে এসে বাড়িঘর ভাংচুর করছে। বিএনপির নেতাকর্মীরা রাইহান হোসেনের পরিবারের ক্ষতি করতে চাইলে তখন বাড়িতে চিৎকার কান্নাকাটি শুরু হয়। এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা উত্তেজিত হয়ে আসবাবপত্র ভাঙচুর করে ঘরের মধ্যে আগুন দেওয়ার চেষ্টা করে। সে সময় স্থানীয়দের বাঁধার মুখে তারা পিছু হটতে বাধ্য হয়।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক বলেন, উক্ত ঘটনার বিষয়ে আমাদের কাছে মৌখিক একটি অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএনপি সরকার গঠন করেই বিয়ানীবাজার এলডিপি নেতার বাড়িতে হামলা



















