মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় মাত্র ৯০ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে মো. আলিফ আহমেদ (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইমাম উদ্দিন (২৮) নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করেছে পুলিশ। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সায়পুর গ্রামে রায়পুর-দৌলতপুর সড়কের পশ্চিম পাশে আব্দুল মতিনের মার্কেটের সামনে ৯০ টাকা পাওনা নিয়ে আলিফ আহমেদের সঙ্গে পাশের দোকানদার ইমাম উদ্দিনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইমাম উদ্দিন লোহার রড দিয়ে আঘাত করলে আলিফ আহমেদ বাম হাতের কবজিসহ শরীরের বিভিন্ন স্থানে আহত হন।
পরে স্থানীয় একটি চিকিৎসকের চেম্বারে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।









