স্টাফ রিপোর্টার, কুলাউড়া:
কুলাউড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২৮ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গৌরীশংকর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো গৌরীশংকর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে আলী জিবান (৮) ও লোকমান মিয়ার মেয়ে রাহমা (৬), সম্পর্কে তারা চাচাতো ভাই বোন। জিবান ও রাহমা স্থানীয় গৌরীশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় ও ১ম শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল শিক্ষার্থী জিবান ও রাহমা সোমবার স্কুলে যায়নি। ওইদিন দুপুরে পরিবারের অগোচরে খেলতে গিয়ে কোনো এক সময় বাড়ির সামনে পুকুরে পড়ে যায় তারা। বিকেলে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তাদের নিথর দেহ ভাসতে দেখেন স্বজনরা। পরে দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থীদের চাচা মিজান মিয়া সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ির সামনে দুপুরের দিকে তারা খেলা করছিলো কোন এক ফাঁকে তারা পুকুরের পানিতে পড়ে গিয়ে ওইখানেই তাদের মৃত্যু হয়।
এব্যাপারে কুলাউড়া থানার ওসি শেখ মো. জহিরুল ইসলাম মুন্না বলেন, শিক্ষার্থীদের মরদেহ দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিলো। পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাদের কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ২টি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।















