প্রতিনিধিঃ রাজেশ ভৌমিক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ হাজার ৭১৭টি রেইনকোট বিতরণ করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাতগাঁও চা-বাগানের নাটমন্দিরে মাকড়িছড়া, সাতগাঁও ও ইছামতি তিনটি চা-বাগানের শ্রমিকদের মধ্যে এসব রেইনকোট বিতরণ করা হয়।
রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব আহমেদ, উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, চা শ্রমিকেরা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নিয়মিত কাজ করে যাচ্ছেন। তাঁদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণও সেই উদ্যোগের অংশ।
তিনি বলেন, চা শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ক্যামেলিয়া হাসপাতালের মতো হাসপাতাল তৈরি করা হবে। সরকার চা শ্রমিকদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে।
মুজিবুর রহমান চৌধুরী আরও বলেন, সাড়ে চার মাসের মধ্যে মির্জাপুরে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পুরো উপজেলায় এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা বিকাশের মাধ্যমে পাওয়ার ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে বক্তারা চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মপরিবেশের উন্নতি এবং তাঁদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


















