উপজেলা প্রতিনিধি (রাজনগর) :
মৌলভীবাজারের রাজনগরে অনিতা ভূমিজ (২৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সজল ভূমিজের (৩৫) বিরুদ্ধে। ঘটনার পর মায়ের আসার আগেই তড়িঘড়ি করে অনিতার মরদেহ চিতায় তুলে দাহ করার অভিযোগও রয়েছে। এ ঘটনায় নিহতের মা দিলু ভৌমিক রাজনগর থানায় অভিযোগ দিয়েছেন। পুলিশ প্রধান অভিযুক্ত সজল ভূমিজকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের রাজনগর চা বাগানের সোনাতলা ভূঁইয়া লাইনে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। নিহতের পরিবারের দাবি, ওই রাতে একটি পূজায় যাওয়াকে কেন্দ্র করে অনিতার সঙ্গে তার স্বামী সজলের কথা-কাটাকাটি হয়। পরে মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরে সজল লাঠি দিয়ে অনিতার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অনিতার মৃত্যু হয় বলে অভিযোগ করা হয়েছে।
নিহতের ৯ বছর বয়সী ছেলে রাহুল ভূমিজের ভাষ্য আমার বাবা ঘরে এসে মাকে মারধর করেন। একপর্যায়ে মায়ের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে সেখানেই মারা যান। এরপর আমার মাকে তারা জ্বালিয়ে দেয়।
নিহতের মা দিলু ভৌমিক বলেন, আমার মেয়ের মৃত্যুর খবর আমাকে ফোনে জানানো হয়। আমি আসার আগেই তারা আমার মেয়েকে চিতায় তুলে দেয়। মেয়েকে শেষবার দেখার সুযোগও আমাকে দেওয়া হয়নি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের সর্বোচ্চ শাস্তি, এমনকি ফাঁসি চাই।
এদিকে, অনিতাকে রক্ষা করতে গিয়ে তার দেবর উজ্জ্বল ভূমিজও আহত হন বলে জানা গেছে। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় সেখান থেকে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মামলা রুজুর প্রক্রিয়া চলছে।


















