মাহিনুর ইসলাম মাহিন (বড়লেখা) :
মৌলভীবাজারের বড়লেখায় সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সাদিক আহমদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গরুটিও মারা গেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের তালিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিক আহমদ উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পূর্ব সুজাউল গ্রামের কাইতাবন্দ এলাকার কাতারপ্রবাসী আব্দুল বাছিতের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সাদিক মোটরসাইকেল নিয়ে বোনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে তালিমপুর এলাকায় পৌঁছালে সড়কে থাকা একটি গরুর সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় গরুটিও মারা যায়।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক বলেন, সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক তরুণ নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।


















