চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম স্ত্রীকে নিয়ে বেড়াতে এসে হামলার শিকার হয়েছেন। এঘটনায় এনসিপি ও ছাত্রশক্তির অভিযোগের তীর ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নেতাকর্মীদের উপর।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর সড়কে এ ঘটনা ঘটে। হামলায় আহত হাসিব ঢাকার উদ্দেশ্যে শ্রীমঙ্গল ছেড়েছেন বলে আজ সন্ধ্যায় জানিয়েছেন ছাত্রশক্তি ও এনসিপি নেতারা।
রিসোর্টসূত্রে জানা গেছে, স্ত্রীসহ বালিশিরা রিসোর্টে অতিথি হিসেবে ৮ নভেম্বর ওঠেন হাসিব আল ইসলাম। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) চেক আউট করে বের হন তারা।
হামলার একটি ভিডিওতে দেখা যায়, ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম তার স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলে ঘুরতে আসেন। দুপুরে তারা রিসোর্ট থেকে বেরিয়ে রাধানগর সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে যাওয়ার সময় ধারালো অস্ত্র হাতে এগিয়ে যান এক যুবক। অটোরিকশার গতিরোধ করে ওই যুবক এগিয়ে এলে হাসিব তাঁর সাথে হাতমেলাতে নিজের হাত বাড়িয়ে দেন। এসময় ওই যুবক এক হাতে মোবাইল ধরে হাসিবকে উদ্দেশ্য করে “এই হচ্ছে জুলাই জঙ্গী হাসিবুল। আর ইনি মেয়ে নিয়ে দেশ বিক্রি করে এখানে আমোদ-ফূর্তি করতেছে” বলেই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। প্রাণ বাঁচাতে হাসিব অটোরিকশা থেকে নেমে দৌড় দেন।
ছাত্রশক্তির জেলা সাধারণ সম্পাদক রাজ মোস্তাকিন বলেন, আমরা এখন শ্রীমঙ্গল থানায় আছি। হামলা করেছে হাবিবুর রহমান। হামলাকারী হাবিবসহ যারা যারা এর ইন্ধনে ছিল, তাদের বিরুদ্ধে মামলা রেডি করছি।
জেলা এনসিপির আহবায়ক খালেদ হাসান বলেন, সঙ্গে থাকা নারী হাসিবের স্ত্রী। হাসিব তার স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলে বেড়াতে এসে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। পরে আমরা তাঁকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনে তুলে দিয়েছি। হাসিবের সাথে থাকা স্ত্রী ইতিমধ্যে কুমিল্লায় নিজ বাড়িতে পৌঁছেছেন। হাসিব ৫-৬ মাস আগে বিয়ে করেন। হামলাকারীর বিরুদ্ধে মামলা রেডি হচ্ছে।
এদিকে অভিযুক্ত হামলাকারী হাবিবুর রহমান শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক। হামলার ভিডিও প্রথমে তাঁর ফেসবুক প্রোফাইলে দিলে পরে তিনি তা মুছে দেন। পরে লীগ এক্টিভিস্ট সুশান্ত তাঁর ফেসবুক প্রোফাইলে হামলার ভিডিও আপলোড করলে তা দ্রুতই ছড়িয়ে পড়ে। হাবিবুর রহমানকে ট্যাগ করে ছাত্রলীগ কর্মীরা বাহবা দিতেও দেখা যায়। তবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।













