স্টাফ রিপোর্টার, কমলগঞ্জঃ
শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নিতে মৌলভীবাজারের কমলগঞ্জে চা-শ্রমিকসহ বস্তি এলাকার প্রায় তিন হাজার নারী, পুরুষ ও শিশুর মধ্যে বস্ত্র বিতরণ করেছেন ইউপি সদস্য ও চা-শ্রমিক নেতা ধনা বাউড়ী। প্রতিবছরের মতো এবারও তাঁর ব্যক্তিগত উদ্যোগে এই উপহার বিতরণ করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় উপজেলার রহিমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ধনা বাউড়ীর নিজ বাসভবনে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। এতে হিন্দু ধর্মাবলম্বী চা-শ্রমিক পরিবারের সদস্যদের পাশাপাশি বস্তি এলাকার অসচ্ছল মানুষেরাও উপহার পান।
আয়োজক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পূজার আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে ব্যক্তিগত উদ্যোগে এই বস্ত্র বিতরণ করে আসছেন ধনা বাউড়ী। তাঁর এ উদ্যোগে পূজার আনন্দ ছড়িয়ে পড়ে চা-বাগানের শ্রমজীবী পরিবার ও আশপাশের এলাকার মানুষের মধ্যে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান চৌধুরী শিপলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়রা জানান, উৎসবের সময় অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সমাজে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির দৃষ্টান্ত হয়ে থাকবে।
ধনা বাউড়ী বলেন, ‘চা-শ্রমিকদের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। প্রতিবছর দুর্গাপূজায় তাঁদের মুখে হাসি ফোটাতে নিজের সামর্থ্য অনুযায়ী কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। সমাজের অসচ্ছল মানুষের সঙ্গে পূজার আনন্দ ভাগাভাগি করাই আমার মূল উদ্দেশ্য।’













