স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও পৌরসভার সাবেক চেয়ারম্যান মো. ফয়জুল করিম ময়ূন বলেছেন, স্বাধীনতার পূর্ণ স্বাদ পাওয়ার পেছনে অনেক মানুষের আত্মত্যাগ রয়েছে। তবে বাংলা ভাষার জন্য প্রথম কোন সংগঠন আওয়াজ তুলেছিল, সে ইতিহাসও আমাদের জানা প্রয়োজন। ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর বাংলা ভাষার জন্য প্রথম আওয়াজ তুলেছিল তমদ্দুন মজলিস।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তমদ্দুন মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি, বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ কামাল আহমেদ বাবুর সভাপতিত্বে সভায় ফয়জুল করিম ময়ূন বলেন, “আজকে আমরা দেশে স্বাধীনতার পূর্ণ স্বাদ নিতে পারছি। অনেক প্রাণের বিনিময়ে মুক্ত হতে পেরেছি গোলামি জিঞ্জির থেকে। অথচ আমরা খবর রাখি না কে, কীভাবে এবং কোন সংগঠন বাংলা ভাষার জন্য প্রথম আওয়াজ তুলেছিল।”
তিনি বলেন, “এই আওয়াজ তুলেছিল ১৯৪৭ সালের ১লা সেপ্টেম্বর। সেই সংগঠন তমদ্দুন মজলিস। সারাদেশে এই গুরুত্বপূর্ণ কালচারাল সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে কি না। তবে মৌলভীবাজার জেলা কমিটি আয়োজন করে আমাদের স্মরণ করে দিয়েছেন। একটি মহতী অনুষ্ঠানের আয়োজন করে এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।”
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক সিরাজুল ইসলাম সিদ্দিকী, বাবুল উদ্দিন খান, বিশিষ্ট ব্যাংকার আব্দুল বাছিত, অধ্যাপক আব্দুল্লাহ, মুহিবুর রহমান মুহিব, শিক্ষক মুর্শেদ মুন্না, মহসীন খান, ফাতেমা জহুরা বিউটি, জহির খান প্রমুখ।
সভায় বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাসে তমদ্দুন মজলিসের ভূমিকা তুলে ধরেন এবং সংগঠনটির ঐতিহাসিক অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।



















