স্টাফ রিপোর্টার:
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ‘ভিন্ন প্রেক্ষাপটে, অভিন্ন আকাঙ্ক্ষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তর মৌলভীবাজারের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষক সজিব আহমদের সঞ্চালনায় ও যুব উন্নয়ন অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক ফরহাত নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামছুদ্দোহা, আরডিও রাজনগর হোসেন শাহ, ই-ল্যানিং কো অর্ডিনেটর মোশাররফ হোসেন, হাকালুকি যুব সাহিত্য পরিষদের সভাপতি হোসাইন আহমদ ও এআই প্রশিক্ষক তাহসিন আহমেদ নাহিদ প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের চিন্তা চেতনা সব কিছুই এখন এআই দ্বারা প্রভাবিত হচ্ছে। ছোট বাচ্চারা যেসব কার্টুন বা ইউটিউবে শিক্ষা মূলক ভিডিও দেখে সবই বাহিরের দেশের ক্রিয়েটরদের বানানো কনটেন্ট। এসব বিষয়ে আমাদের দেশের তরুণ ক্রিয়েটরদের ভূমিকা রাখা প্রয়োজন। আমরা ইনভেস্ট এর ইন্সট্যান্ট আউটপুট চাই, কিন্তু বহির্বিশ্বে মানুষ আজ ইনভেস্ট করলে ৬ মাস এক বছর পর রেজাল্ট দেখে। আমাদের এরকম ধৈর্যশীল হতে হবে।
বক্তারা আরো বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগের তরুণ তরুণীরা খুব ভাগ্যবান। তারা একদম লেটেস্ট টেকনোলজি সম্পর্কে ভালো ধারণা নিতে পারছে। এমন একটা সময় হয়তো আসতে পারে তখন রোদ বৃষ্টিও এআই দ্বারা নিয়ন্ত্রণ করা হবে।
আলোচনা সভা শেষে দুইজন যুব উদ্যোক্তাকে আড়াই লাখ টাকা ঋনের চেক প্রদান করা হয়। এদিকে সদর উপজেলায় আরো ৫জন উদ্যোক্তার মধ্যে ঋনের চেক বিতরন করা হয়।
আলোচনা সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের যুব প্রশিক্ষণার্থী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



















