কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের দুঃসাহসিক অভিযানে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন শুকনাছড়া এলাকা থেকে মফিক আলী (৩৮) নামে মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীকে আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
পুলিশ জানায়, কুলাউড়া থানার সাব ইন্সপেক্টর আব্দুল আলীমের নেতৃত্বে এএসআই আরিফুল ইসলাম ও এএসআই মো. মিরাজুল ইসলাম অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় প্রায় ১ কিলোমিটার দৌড়ে কাদাময় জমি এবং পানিভর্তি শুকনাছড়া নদী পেরিয়ে অভিযান চালিয়ে পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মো. মফিক আলী (৩৮), পিতা: মদরিছ আলী, গ্রাম: পৃথিমপাশা, থানা: কুলাউড়া, জেলা: মৌলভীবাজার। তিনি একটি মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম মুন্না গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।



















