রাজনগর প্রতিনিধি:
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজন এবং চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন চা শ্রমিকরা। মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর চা বাগানের শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন।
শুক্রবার সকালে করিমপুর চা বাগানের কারখানার সামনে আট শতাধিক শ্রমিক সমাবেশে অংশ নেন। এ সময় বক্তারা বলেন, চা-শ্রমিকদের দৈনিক মজুরি ১৮৭ টাকা থেকে ১৯৬ টাকায় বাড়ানোর যে প্রক্রিয়া চলছে, তা তারা প্রত্যাখ্যান করছেন। তাদের দাবি, বর্তমান দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় দৈনিক ন্যূনতম মজুরি ৫০০ টাকা নির্ধারণ করতে হবে।
বক্তারা আরও বলেন, দেশের বৃহত্তম শ্রমিক সংগঠন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন গত আট বছর ধরে বিভিন্ন অজুহাতে স্থগিত রয়েছে। ফলে শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে কার্যকর নেতৃত্বের সংকট তৈরি হয়েছে। তাই দ্রুত ইউনিয়নের নির্বাচন আয়োজনেরও দাবি জানান তারা।
সমাবেশ শেষে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করে বাগানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।



















